শুভেন্দুর একের পর এক দুর্নীতির ফাইল জমা পড়ছে গ্রেফতারি সময়ের অপেক্ষা, অখিল গিরি - The News Lion

শুভেন্দুর একের পর এক দুর্নীতির ফাইল জমা পড়ছে গ্রেফতারি সময়ের অপেক্ষা, অখিল গিরি

 


দি নিউজ লায়নঃ    শুধু ত্রিপল চুরি বা রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নয়৷ দিঘায় সমুদ্রের বাঁধ নির্মাণ থেকে সমবায়- শুভেন্দুর বিরুদ্ধে ফাইলের পর ফাইলে দুর্নীতির অভিযোগ সামনে আসছে৷ চলছে একের পর এক তদন্তও৷ ফলে শীঘ্রই গ্রেফতার হতে পারেন শুভেন্দু অধিকারী। এমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরি৷ অখিলের কথায়, ‘‘অপেক্ষা করুন৷ আর এক থেকে দেড় মাস৷ তারপর দেখবেন বিশ্বাসঘাতকেরা কাঁদছে৷ ফাইলের পর ফাইল, শুধুই দুর্নীতি৷ সব সামনে আসছে৷ প্রত্যেকটার তদন্ত হবে৷’’

রবিবার সন্ধ্যায় কাঁথি তৃণমূল  ট্যাক্সি স্ট্যাণ্ডের সম্বর্ধনা সভায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি৷ সেখানেই শুভেন্দু এবং অধিকারী পরিবার সম্পর্কে একের এর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি৷ আক্রমণ করেছেন কেন্দ্রের সরকারকেও৷ ত্রিপলচুরির প্রসঙ্গ টেনে অখিলের ব্যাঙ্গাত্মক মন্তব্য, ‘‘কেন্দ্রের এখন এত দূরবস্থা যে কেন্দ্রীয় বাহিনী ত্রিপল চুরি করছে!’’ এরপরই প্রশ্ন তুলেছেন, ‘‘পুরসভার গোডাউনে রাতের অন্ধকারে কেন্দ্রীয় বাহিনী কি করতে গিয়েছিল? কার কথায় গিয়েছিল?’’


দাবি করেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর সরলতা আর বিশ্বাসের সুযোগ নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতি করেছে৷ দিঘাতে সমু্দ্রে বাঁধ তৈরি করতে পাঁচশো কোটি টাকা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ ওকে (শুভেন্দুকে) বলেছিল দেখভাল করতে৷ বালির ওপর ইঁট বিছিয়ে ঢালাই করে দিল! সমুদ্রের ঢেউয়ের কাছে সেসব টেকে নাকি? এক্সপার্টরা সব ধরে ফেলেছেন?’’ এরপরই বোমা ফাটিয়েছেন অখিল, ‘‘শুধু দিঘা নয়, পরিবহণ সহ একাধিক দুর্নীতির অভিযোগের ফাইল আসছে৷ প্রত্যেকটা ফাইলের তদন্ত হচ্ছে৷ তাই ওদের কপালের ভাঁজ চওড়া হচ্ছে৷ দেখুন না, আর এক থেকে দেড় মাস৷ তারপর দেখবেন বিশ্বাস ঘাতকরা কাঁদছে৷ ’’


অধিকারী পরিবারের আয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷ নাম না করে আক্রমণ করেছেন শুভেন্দুর পিতা শিশির অধিকারীকে৷ বলেছেন, ‘‘যদি মুখ্যমন্ত্রীকে সহ্য করতে না পারেন, তাহলে পদ আঁকড়ে বড় বড় কথা বলছেন কেন? আগে পদ ছাড়ুন, তারপর বড় বড় কথা বলবেন৷’’ অখিলবাবুর এহেন মন্তব্যের অবশ্য পাল্টা কোনও প্রতিক্রিয়া মেলেনি অধিকারী পরিবার থেকে৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুভেন্দুর স্নায়ুর চাপ বাড়াতেই কৌশলে গ্রেফতারির ইঙ্গিত সামনে আনলেন অখিলবাবু৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.